ইউরোপ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রশ্নে (ব্রেক্সিট) দরকষাকষিতে শক্তিশালী ম্যান্ডেটের প্রয়োজন ছিল ক্ষমতাসীন কনজারভেটিভদের। একারণেই ২০২০ সাল পর্যন্ত মেয়াদ থাকার পরেও প্রধানমন্ত্রী থেরেসা মে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেন। তার এই ঘোষণার পঞ্চাশ দিন পরে গতকাল ৮ জুন ব্রিটেনে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন।
যুক্তরাজ্যের আগাম নির্বাচনে সমগ্র বাংলাদেশের দৃষ্টি ছিল অবশ্য ২০১৫তেই নির্বাচিত হওয়া তিন বঙ্গকন্যার ওপর। নিরাশ করেননি তাদের কেউই। রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও রূপা হক- লেবার দলের তিন প্রার্থীই বিজয়ী হয়েছেন স্ব-স্ব আসন থেকে।
লন্ডনে জনপ্রিয়তায় লেবার দল বহুবছর ধরেই কনজারভেটিভের চেয়ে এগিয়ে। সেটা এবারেও প্রকট হয়েছে বেথনালগ্রিন ও বো আসনের ফলে। প্রায় ৩৫ হাজার ভোটের বিশাল ব্যবধানে কনজারভেটিভ চার্লে ক্রিরিসোকে হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী।
২০১০ সালে এই আসন থেকে রুশনারা আলী বৃটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে নির্বাচিত হন। ২০১৫ সালের নির্বাচনে শতকরা ৬১ ভাগ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছিলেন রুশনারা।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে আবারও বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। যুক্তরাজ্যের সদ্য ভেঙে দেওয়া পার্লামেন্টে যে তিনজন ব্রিটিশ-বাংলাদেশি এমপি ছিলেন, তাদের মধ্যে অন্যতম লেবার পার্টির টিউলিপ সিদ্দিক। টিউলিপ এবারে পেয়েছেন ৩৪ হাজার ৪৬৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ক্লেয়ার লুইচ লিল্যান্ড পেয়েছেন ১৮ হাজার ৯০৪ ভোট। ২০১৫ সালে মাত্র ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে প্রথমবার এমপি নির্বাচিত হন টিউলিপ। কিন্তু এবারে বড় ব্যবধানের জয়ে দ্বিতীয় মেয়াদে এমপি নির্বাচিত হলেন টিউলিপ।
লন্ডনের ইলিং-এ লেবার পার্টির প্রার্থী ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। ২০১৫ সালে মাত্র ২৭৪ ভোটে জয় পাওয়া রূপা এবার জিতেছেন ১৩ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে। মধ্যবর্তী নির্বাচনে লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট।
যুক্তরাজ্যের এবারের নির্বাচনে পাঁচজন স্বতন্ত্র প্রার্থীসহ বাংলাদেশি বংশোদ্ভূত মোট ১৪ প্রার্থী ভোটযুদ্ধে নামেন। এর মধ্যে জয় পেয়েছেন আগের মেয়াদে এমপি থাকা তিনজনই।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট নেওয়া হয়। রাতভর ভোট গণনা শেষে আজ শুক্রবার ফলাফল ঘোষণা করা হয়। আগাম এ ভোটে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভরা। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী থেরেসা মেকে নির্বাচনের বাজে ফলের দায়িত্ব নিয়ে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন।
তথ্যসূত্র: বিবিসি












